
নিউজ ডেস্ক: শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদারকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাজুল ইসলাম সরকারকে হত্যার চেষ্টা করার অভিযোগে দায়ের করা একটি মামলায় রবিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবী ও পালং মডেল থানা সূত্রে জানা যায়, গত বছরের ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারের সমর্থকেরা জেলা শিল্পকলা একাডেমী এলাকায় জেলা ছাত্রললীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম সরকারসহ ১০ জনকে কুপিয়ে আহত করে।
এ ঘটনায় তাজুল ইসলাম সরকারের স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে পালং মডেল থানায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদারকে হুকুমের আসামি করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।
রবিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার চিফ জুডিশিয়াল বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মোর্শেদ আলী মামুনের আদালতে হাজির হন। এ সময় তার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম পলাশ জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।