
নিউজ ডেস্ক: চাকরির বয়স ৬৫ বছর করা, অতিরিক্ত রেজিস্ট্রার পদ সৃষ্টিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির উদ্যোগে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে দেন সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার, মো. গিয়াস উদ্দিন, সাইফুল আবেদীন, মীনা পারভীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাঁরা সুনির্দিষ্ট চারটি দাবি জানিয়ে আসছেন। কিন্তু দাবিগুলো পূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধন শেষে অফিসার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশীদুল হায়দার। লিখিত বক্তব্যে বলা হয়, দাবি আদায়ের জন্য আজ সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।