
নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মনোয়ারা খাতুন ওরফে মনির (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি। মনোয়ারা খাতুন ওরফে মনি বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও সুনীল গোমেজ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, সুনীল গোমেজ হত্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় গ্রেপ্তারকৃত মনোয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।
তিনি আরো জানান, সুনীল গোমেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সবুজকে আটকের পর মনোয়ারা খাতুন ওরফে মনিকে সন্দেহ করা হয়। এরপর তার মোবাইল ফোন ট্র্যাকিং করে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে শনিবার রাতে আটক করে নাটোরে আনা হয়। খুব শিগগিরই সুনীল হত্যার রহস্য উদঘাটন হবে বলে জানান তিনি।
আদালতের বিচারক সোমবার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার দুপুরে পুনরায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তিনি।