
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে রেজাউল মুন্সি (২৫) নামে মাদক মামলার এক রিমান্ডপ্রাপ্ত আসামি পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় ওই আসামি কৌশলে থানা থেকে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া ওই আসামির বাড়ি মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তার বাবার নাম শাহাদৎ মুন্সি। গত রবিবার একটি মাদক মামলার আসামি হিসেবে রেজাউল মুন্সিকে আদালত থেকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। বিগত ২ জুন এএসআই নাসির ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসআই কুবাদ হোসেন আসামি রেজাউলকে আদালত থেকে এক দিনের রিমান্ডে নেন। মুকসুদপুর থানার এসআই কুবাদ হোসেন জানান, রেজাউল ও আরেকজন আসামিকে থানায় একটি কক্ষের মধ্যে জিজ্ঞাসাবাদ করছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কৌশলে থানা থেকে পালিয়ে যান রেজাউল।তবে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।'