News71.com
 Bangladesh
 13 Jun 16, 07:31 PM
 540           
 0
 13 Jun 16, 07:31 PM

ছেলেকে বিদায় জানিয়ে , বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পিতা নিহত

ছেলেকে বিদায় জানিয়ে , বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পিতা নিহত

নিউজ ডেস্ক: বিদেশে যাবে ছেলে। তাই ছেলের সঙ্গে বাবাসহ পরিবারের কয়েক সদস্য বিমানবন্দরে আসেন। এরপর ভোরে প্লেন ছেড়ে যাওয়ার পর বাড়ির উদ্দেশে রওনা হন বাবা আবদুর রউফ মাতব্বর (৪৮)। বাড়িতে তিনি ফিরলেন ঠিকই, তবে লাশ হয়ে। পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। এ ছাড়া আহত হন পরিবারের অন্য তিন সদস্য।

আজ সোমবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে তাঁদের বহনকারী মাইক্রোবানের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত রউফের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বর্দী গ্রামে। আহত ব্যক্তিরা হলেন, নিহত রউফের ছোট ছেলে হাসিবুল হাসান (১৮), ভাই আফজাল হোসেন (৪০) এবং ভাতিজা সোহেল রানা (১৬)। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায় , নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ছেলে সুমন মাতব্বরকে কুয়েতে পাঠানোর জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে গতকাল রোববার রাতে ছেলে ভাই-ভাতিজাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান রউফ। রাত চারটার দিকে সুমনকে বিমানে তুলে দিয়ে ওই মাইক্রোবাস নিয়ে তাঁরা ফরিদপুরে বাড়ির উদ্দেশে রওনা হন।

আজ সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটি ঘিওর উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পৌঁছালে চালক শিপন হোসেন নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সার্জেন্ট ইয়ামিন-উদ-দৌলা বলেন, দুপুরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহত রউফের ভাতিজা সোহেল রানা স্থানীয় থানায় মামলা করেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরই চালক শিপন পালিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন