
নিউজ ডেস্ক:দেশের মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হলো। আজ সোমবার তেজগাঁওয়ে মিডিয়া ক্লাবটি উদ্বোধন করেন বাংলাদেশ মিডিয়া ক্লাব লিমিটেডের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েব সোবহান।
মিডিয়া ক্লাবের 'যাত্রা শুরু ও ইফতার মাহফিল' অনুষ্ঠানে সায়েম সোবহান বলেন, দেশের মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে একটি মিডিয়া ক্লাবের স্বপ্ন দেখেছিলাম। আজকে ক্লাবটির উদ্বোধনে খুব ভালো লাগছে। তিনি বলেন, ক্ষুদ্রভাবে মিডিয়া ক্লাবের যাত্রা শুরু হলো। এটাকে ক্ষুদ্রভাবে দেখা যাবে না। শুধু আমার একক প্রচেষ্টায় নয়, সবাই মিলে মিডিয়া ক্লাবকে বড় করতে হবে।
নামকা ওয়াস্তে মিডিয়া ক্লাব থাকলে হবে না মন্তব্য করে সায়েম সোবহান বলেন, মিডিয়া ক্লাবকে সত্যিকারের মিডিয়া ক্লাব করতে হবে। এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, অসক চৌধুরী, এইচএম ইব্রাহিম এমপি প্রমুখ।