
নিউজ ডেস্ক:আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করবে নাজমুল হুদার বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)। এখন থেকে বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী নাজমুল হুদা তাঁর ৩১-দলীয় জোটকে (বিএনএ) নিয়ে ১৪ দলের সামনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার বিকেলে ১৪ দলের সঙ্গে মত বিনিময় শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ কথা বলেন। দেশে চলমান গুপ্তহত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী আগামী ১৯ জুন মানববন্ধন, ১৪ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচিতে নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট অংশ নেবে বলে জানান ১৪ দলে মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সংবাদ সম্মেলনে নাজমুল হুদা বলেন, সন্ত্রাস দমন নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিচ্ছেন তাকে আমরা পূর্ণ সমর্থন করি। তিনি বলেন, রাস্তার রাজনীতি শেষ। এখন আর রাজপথে মারামারি, হানাহানি, সন্ত্রাস, অহেতুক ধর্মঘট নেই। একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মণি, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ দুই জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।