
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশে বিদ্যুত্ ও জ্বালানি খাতকে এগিয়ে নিতে বিশ্বমানের গবেষণা বাড়াতে হবে। উদ্ভাবনে পিছিয়ে থাকলে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও পিছিয়ে থাকবো। তাই সরকার এ খাতে গবেষণা এগিয়ে নিতে অবকাঠামো উন্নতিসহ আর্থিক প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য গবেষকদের সাথে তরুণ ছাত্ররা যেন গবেষণা করতে পারে সেক্ষেত্রেও জোর দেয়া হয়েছে।
সোমবার রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত্ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এবং বুয়েটের সেন্টার ফর এনার্জি স্টাডিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জেষ্ঠ্য গবেষকদের সাথে তরুণ গবেষকরা গবেষনার সুযোগ পেলে দুই পক্ষই উপকৃত হবে। জেষ্ঠ্য বিজ্ঞানীরা তরুণমনের প্রশ্ন কিংবা তৃণমূলের জিজ্ঞাসা যেমন সহজে জানতে পারবেন, তেমনি তরুণরা অনেক তত্ত্ব ও বিজ্ঞানের অগ্রযাত্রা সম্পর্কে সহজে ধারণা লাভ করতে পারবে। বিজ্ঞানীদের গবেষনা শিল্প ও বাণিজ্যে কাজে লাগিয়ে দেমকে এগিয়ে নিতেও সমন্বিতভাবে কাজ করতে হবে।