
নিউজ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে কারাগারের মাঠে ৪-৫ জন বন্দি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত রুবেল এবং ভুট্টো নামে দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত ভুট্টো জানান, জহির নামে এক কয়েদি তাদের ওপর হামলা চালায়। জেল সুপার জানান, জহির নামে এক আসামি ২-৩ দিন আগে ওই কারাগারে আসে। তার সাথে আহতদের পূর্বশত্রুতা ছিল বলে ধারণা করছেন তিনি। উল্লেখ্য, আহত রুবেল ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ভুট্টো ও জহির বিচারাধীন মামলার আসামি।