News71.com
 Bangladesh
 13 Jun 16, 10:09 PM
 472           
 0
 13 Jun 16, 10:09 PM

দুদকের মামলায় ডিএনসিসি’র প্রকৌশলী মেজবাহুল গ্রেফতার ।।

দুদকের মামলায় ডিএনসিসি’র প্রকৌশলী মেজবাহুল গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ নিম্নমানের নির্মাণ সামগ্রী ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাহুল করিমকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচায্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

রাজধানীর গেন্ডারিয়া থানায় মেজবাহুল করিমসহ ৪জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। (মামলা নম্বর ১৭)। অর্থ আত্মসাতের এ মামলার অন্য আসামিরা হলেন, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক সহকারী প্রকৌশলী ও বাউফল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে ও নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আবুল অ্যান্ড ব্রাদার্সের মালিক আবুল হোসেন চৌধুরী। মেজবাহুল করিম ওই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে সাবেক ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ‘সুইপার কলোনি নির্মাণ’ প্রকল্পে দয়াগঞ্জ সুইপার কলোনি গ্রুপ-‘খ’ এর ২ কোটি ২ লাখ ১২ হাজার ৭ টাকার নির্মাণ কাজের মধ্যে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা আত্মসাত করেন।

২০০৬ সালের এ প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী, নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করা হয়েছে বলে বুয়েটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর মামলার আসামিরা দুর্নীতির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার তথ্য দুদকের অনুসন্ধানে বের হয়। উক্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন