
আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানীর বারিধারায় ভারতের ঈদ ভিসাক্যাম্পে ভিসার আবেদন জমা দেওয়ার সময় ধাক্কাধাক্কি করায় পুলিশ লাঠিপেটা করে। তবে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভিসা টোকেন জমা দেওয়ার লাইনে ঢোকাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কির সময়ে পুলিশ লাঠিপেটা করে। এতে ২জন আহত হন। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে ।
আহসান হাবিব নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ভারতীয় হাইকমিশনের বারিধারা কমপ্লেক্সে দুপুর আড়াইটার দিকে হট্টগোল শুরু হয়। প্রথমে লাইনে ঢোকাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বাঁশি বাজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পরে জাতিসংঘ রোডের পাশে লম্বা লাইনে আবার ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন মাটিতে পড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে।
এ সময় ধাক্কাধাক্কি এবং লাঠিপেটায় কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি। তবে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, গুলশানে ভারতীয় ভিসা ক্যাম্পে অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ বাঁশি বাজিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। তবে লাঠিপেটার কোনো ঘটনা ঘটেনি । ভারতীয় হাইকমিশনের অ্যাটাশি রঞ্জন জানান,অতিরিক্ত ভিড়ের কারণে রাস্তায় লাইনে দাঁড়ানো লোকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাটি বড় কিছু নয় ।
এদিকে গত ৪ই জুন থেকে শুরু হওয়া ঈদ ভিসা ক্যাম্পে শুরু থেকেই আগ্রহীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শুরুর দিন থেকেই প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার লোক পাসপোর্ট জমা দিচ্ছেন, যার প্রায় ৫০ শতাংশের ওপরে নারী ও শিশু। তাদের ভিসা প্রদান করতে ভারতীয় হাইকমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই ক্যাম্প চলবে আগামী ১৬ই জুন পর্যন্ত। ভারতে যেতে ভিসা বিড়ম্বনার শিকার কাউকে যেন না হতে হয়, সেজন্য ঈদ উপলক্ষে এই ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন ।