
নিউজ ডেস্ক: গত কয়েক দিনের প্রবল বর্ষণে বান্দরবান-রুমা সড়কের কৈক্ষ্যং ঝিরি এলাকায় একটি বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় জেলা সদরের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রবল বর্ষণ চলাকালে উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার দূরে কৈক্ষ্যং ঝিরি সংলগ্ন স্টিল ফ্রেমের ওপর কাঠের পাটাতন দিয়ে নির্মিত কাঠের ওই ব্রীজটি হঠাৎ করে ভেঙ্গে যায়।
এর পর থেকেই এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বান্দরবান সড়ক বিভাগ জানায়, সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল অধিদপ্তরের অধীনে এই সড়কের নির্মাণ কাজ চলছে। বিষয়টি তাদের জানানো হয়েছে। এদিকে প্রবল বর্ষণের কারণে উপজেলা সদরের কেয়াং ঝিরি এলাকায় পাহাড় ধসে রাস্তার ওপর পড়লে উপজেলা সদর থেকে হাসপাতাল, থানা ও প্রধান বাজারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এ ব্যাপারে বান্দরবান মৃত্তিকা ও পানি সংরক্ষণ কেন্দ্র (এসআরডিআই)-এর ইনচার্জ মাহাবুবুল ইসলাম জানান, গত ৬ জুন থেকে ১৩ জুন সকাল ৯টা পর্যন্ত এই জেলায় মোট ৩০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ৭ জুন ১০৪ মিলিমিটার এবং ৮ জুন ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ১০টার পর প্রবল বৃষ্টিপাত হলেও তার পরিমাণ জানা যায়নি। তিনি আরো জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার পর এ তথ্য জানা যাবে।