News71.com
 Bangladesh
 14 Jun 16, 12:12 AM
 462           
 0
 14 Jun 16, 12:12 AM

গোয়ালন্দে এক বিধবাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই

গোয়ালন্দে এক বিধবাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক: গোয়ালন্দের দৌলতদিয়া বাজার এলাকায় বিলকিছ বেগম নামের এক বিধবা নারীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। পরে মারাত্মক আহত অবস্থায় ওই নারীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে দৌলতদিয়া বাজারের কাছাকাছি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোয়ালন্দের দৌলতদিয়া সামসু মাষ্টারপাড়া গ্রামের মৃত সেলিম শেখের বিধবা স্ত্রী বিলকিছ বেগম (৩৫)। প্রতিদিনের মতো আজ সোমবার সকাল ১০টার দিকে সাংসারিক কেনাকাটার উদ্দেশে তিনি একা বাড়ি থেকে বের হন। পথে দৌলতদিয়া বাজারের কাছাকাছি বটতলা এলাকায় তিনি পৌঁছানো মাত্রই ধারালো অস্ত্র হতে অজ্ঞাত চার যুবক এসে তাকে ঘিরে ধরে। সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে তার কাছ থেকে নগদ ১৮০০ টাকা ছিনিয়ে নেয়।


এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় বিলকিছকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীদের শাস্তি দাবি করে বিলকিছের বড় বোন নার্গিস বেগম বলেন, ‘সামান্য টাকার জন্য যারা আমার বিধবা বোনকে কুপিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’


এ ঘটনার সত্যতা স্বীকার করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’ তবে দুর্বৃত্তদের দ্রুত খুঁজে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন