News71.com
 Bangladesh
 14 Jun 16, 12:23 PM
 506           
 0
 14 Jun 16, 12:23 PM

গাইবান্ধায় পুলিশের সাঁড়াশি অভিযানে জেএমবি সদস্যসহ ৪২ জন আটক

গাইবান্ধায় পুলিশের সাঁড়াশি অভিযানে জেএমবি সদস্যসহ ৪২ জন আটক

নিউজ ডেস্ক: সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে জুয়েল মিয়া (২৬) নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্য, বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, চুরি, ছিনতাই, মারপিট, ভাঙচুর ও মাদক মামলায় বাকি ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর মো. আশাদুজ্জামান আসাদ জানান, সন্দেহভাজন জেএমবির এক সদস্য, নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের দুই কর্মী ও অন্যান্য অপরাধমূলক মামলায় মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে থানায় কোনো মামলা রয়েছে কি না-তা যাচাই বাছাই করা হচ্ছে।

পুলিশের সাঁড়াশি অভিযানে গাইবান্ধায় এ পর্যন্ত চারজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধার সদর থানায় দুজন, গোবিন্দগঞ্জ থানায় একজন ও সুন্দরগঞ্জ থানায় একজন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের স্ব-স্ব থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন