
নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সর্বহারা পার্টি সিরাজ বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজসহ (২৮) চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সিরাজের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন সিরাজ বাহিনীর প্রধান উল্লাপাড়া উপজেলার চাকশা গ্রামের সিরাজুল ইসলাম সিরাজ, একই উপজেলার চর মোহনপুর গ্রামের আয়নাল, সদানন্দ এবং আফজাল।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার চর মোহনপুর গ্রামে কেরু চৌকিদারের বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বলেন, "বেশ কিছুদিন ধরে সর্বহারা সিরাজ বাহিনী উল্লাপাড়াসহ আশপাশের কয়েকটি উপজেলায় ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে চর মোহনপুর এলাকায় অভিযান চালানো হয়।"
ওসি আরো বলেন, "অভিযানকালে বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম সিরাজ ও অপর তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।"