
নিউজ ডেস্কঃ অন্যের দলিল বন্ধক রেখে ব্যাংক থেকে ১৫ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার কমিশনের বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন: ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইনামুল হক, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শামছুদ্দিন, আরবান স্কাই লাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল ফাত্তাহ হাবিবুল্লাহ ও থ্রি স্টার এন্ড কোম্পানির মালিক এম এ মান্নান।
আসামিরা পরস্পর যোগসাজশে অন্যের জমির দলিল ইসলামী ব্যাংকের বংশাল শাখায় বন্ধক রেখে ১৫ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৪৪৬ টাকা ঋণ হিসেবে তুলে আত্মসাত করেছেন। ২০১৫ সালে দুদকে আসা এ অভিযোগ অনুসন্ধান শেষে উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক মামলার সুপারিশ করেন। তারই পরিপ্রেক্ষিতে কমিশন মামলার অনুমোদন দেয়। শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা এ অভিযোগে মামলা করবেন।