
নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষকদের মান মর্যাদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষকগণও তাঁদের ওপর অর্পিত জাতি গঠনের মহান দায়িত্ব নিবেদিত প্রাণে পালন করে যাবেন বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষামন্ত্রী সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার এবং মহাসচিব মোঃ শাহেদুল খবির চৌধুরীর নেতৃত্বে নির্বাচিত প্রতিনিধিবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ এবং অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ জুন সারাদেশে ২২০টি কেন্দ্রে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ১২৩ সদস্যের নির্বাহী কমিটি ২ বছরের জন্য নির্বাচিত হয়। শিক্ষামন্ত্রী নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার শিক্ষকদের উন্নয়নকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে।
তিনি বলেন, গত বছর নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণার সাথে সাথে শিক্ষকদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেয়া হয়। নাহিদ বলেন, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই, টিউশন ফি মওকুফ, শ্রেণিকক্ষে পাঠদান আকর্ষণীয় করাসহ বিভিন্ন শিক্ষামুখী কর্মসূচির ফলে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় অবকাঠামোসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষকগণ নিবেদিতপ্রাণে দায়িত্ব পালন করলে এসব সমস্যা কাটিয়ে উঠা সম্ভব বলে জানান শিক্ষামন্ত্রী।