
নিউজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি নামক স্থানে পুলিশের সঙ্গে ডাকাতদলের গোলাগুলিতে এক ডাকাত গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ ডাকাত মোকলেস শাকিলকে (২৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত সদস্য রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার তোফাজ্জেল শেখের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন কাশিয়ানী থানার এসআই জায়েদ আব্দুল্লাহ ও কনেস্টেবল মো. হায়দার হোসেন।
তাদেরকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি মিজানুর রহমান জানান, সোমবার গভীর রাতে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে আমরা টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছাই। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
তবে অন্য ডাকাত সদস্যরা পাটক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ডাকাতি মামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় অপর একটি মামলা দায়ের করেছে।