
নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় ৩৫ হাজার আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানির ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা তিতাস গ্যাসের ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, শ্রীপুরের কেওয়া এলাকায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ৩৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অভিযানকালে ২৫ কিলোমিটার এলাকার দুই ইঞ্চি পাইপ অপসারণ এবং রাইজারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। খবর পেয়ে অবৈধ সংযোগ ব্যবহারকারীরা পালিয়ে যায়। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।