News71.com
 Bangladesh
 14 Jun 16, 10:58 PM
 505           
 0
 14 Jun 16, 10:58 PM

জোয়ার ঠেকাতে স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণে শ্রম দিচ্ছে কুতুবদিয়া দ্বীপবাসী

জোয়ার ঠেকাতে স্বেচ্ছায় বেড়িবাঁধ নির্মাণে শ্রম দিচ্ছে কুতুবদিয়া দ্বীপবাসী

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছাসে কুতুবদিয়ার ভাঙ্গা বেড়িবাঁধ সংষ্কারে শেষ পর্যন্ত স্বেচ্ছায় নেমেছে দ্বীপবাসী। ঘূর্ণিঝড় বিধ্বস্ত দ্বীপের ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানিতে প্রতিনিয়ত নিমজ্জিত হয়ে পড়া এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারাই নিজেদের অর্থে এ কাজ করছে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ওই বেড়িবাঁধ মেরামতের কাজ। গত দু’দিনে দ্বীপের বড়ঘোপ আজম কলোনী এলাকায় স্বেচ্ছায় বেড়িবাঁধ পুন:নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

গত ২১ মে’র ঘূর্ণিঝড় রোয়ানুর জলোচ্ছ্বাসের তাণ্ডবে আশ্রয়হীন হয়ে পড়ে কুতুবদিয়া দ্বীপে শত শত পরিবারের লোকজন। সাগরের রাক্ষুসী জলোচ্ছ্বাস কেড়ে নেয় হাজারো মানুষের চোখের ঘুম। এই জলোচ্ছ্বাস লণ্ডভণ্ড করে দেয় দ্বীপের বহু সাঁজানো-গোছানো সংসার। সেই লণ্ডভণ্ড সংসার আবার নতুন করে সাঁজানোর জন্য দ্বীপের মানুষ নিজেরাই টাকা দিয়ে বিলীন হওয়া বেড়িবাঁধ বাঁধার কাজ শুরু করেছে। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানিয়েছেন, রোয়ানুর তাণ্ডবে দ্বীপে ৩০ হাজারের বেশী গৃহহারা হয়ে পড়েছে।


এ কারণেই নতুন করে বসতি গড়ার স্বপ্নে লোকজন নিজেরা অর্থ সংগ্রহ করে এসকেভেটর দিয়ে মাটি নিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। দ্বীপের বড়ঘোপ আজম কলোনী এলাকার বাসিন্দা কামাল পারভেজ কালের কণ্ঠকে জানান, তারা এলাকার প্রতি পরিবার আপাতত এক হাজার টাকা করে দিয়েছে বেড়িবাঁধে মাটি দেওয়ার জন্য। সাগরের জোয়ারের পানি কমে যাওয়ার সুযোগে লোকজন বাঁধে মাটি ফেলা শুরু করেছে। তারা কোন রকমে সাগরের আসন্ন জোয়ারের (উচ্চ জোয়ার) আগেই বেড়িবাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে।


প্রসঙ্গত, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রোয়ানুর জলোচ্ছাসের তাণ্ডবে কক্সবাজার উপকূলে শতাধিক কিলোমিটারের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধ মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট অর্থ বরাদ্ধ চেয়ে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন