
নিউজ ডেস্ক: যশোর সদর উপজেলার উপশহর এলাকায় বাড়ি থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পরিচয়ে মুনছুর আলম নামের এক পরিবহনশ্রমিক ইউনিয়নের নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি যশোর জেলা যুবলীগের নির্বাহী কমিটিরও সদস্য। তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ রাত আটটা থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকা শ্রমিকেরা অবরোধ করে রেখেছেন।
অবরোধের কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। মুনছুর আলম বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপশহর এলাকায়।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের যশোর জেলা সভাপতি আজিজুল আলম বলেন , ‘সন্ধ্যার পরে সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে মুনছুরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় একটি মুঠোফোন নম্বর দেওয়া হয়। ওই নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে বলা হচ্ছে, মুনছুর নামে কাউকে আটক করা হয়নি। এদিকে পুলিশও দায় স্বীকার করছে না। মুনছুরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে অবরোধ করা হচ্ছে। তাঁকে ফেরত না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।
জানতে চাইলে যশোরের সহকারী পুলিশ সুপার (‘ক’ সার্কেল) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, মুনছুর নামে একজনকে আটক করা হয়েছে। কিন্তু কোন বাহিনী তাঁকে আটক করেছে তা জানতে পারিনি। তবে আমার সার্কেলের কোনো পুলিশ তাঁকে ধরেনি।’