
নিউজ ডেস্ক: ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচনে আগ্রহীদের মনোনয়নপত্র আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তি আকারে তা গণমাধ্যমে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার বেলা বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আর বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে অবশ্যই মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। এবারও মনোনয়নপত্রের নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৬ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এই দুই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগ্রহী প্রার্থীরা ২০ জুন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন। ২২ জুন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৯ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৩০ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ১৮ জুলাই ওই দুই আসনে ভোট হবে।
ময়মনিসংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ প্রমোদ মানকিন মারা যান গত ১১ মে। আর ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ ছিলেন মজিবুর রহমান ফকির। তিনি গত ২ মে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।