
নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালী জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর এবং চিকিৎসক ও কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিরা আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হামলায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানভীর হায়দার এবং চার কর্মচারী আহত হন। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রান্ত সাহা (২২) নামের এক যুবককে আটক করেছে। এ সময় অন্যরা পালিয়ে যান।
এ ঘটনা প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ভাষ্য, আজ সন্ধ্যা ৬টার দিকে জেলার বেগমগঞ্জের চৌমুহনী থেকে সড়ক দুর্ঘটনায় আহত রামেশ্বর দাস (৪০) নামের এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান কয়েকজন ব্যক্তি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন।
কিন্তু ভর্তির আধা ঘণ্টা পর ওই ব্যক্তি মারা যান। এতে চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা হাসপাতালের জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুর করেন। এরপর তাঁরা চিকিৎসক ও কর্মচারীদের মারধর করেন। এ ঘটনায় হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রান্ত সাহা (২২) নামের এক যুবককে আটক করে। এ সময় অন্য হামলাকারীরা পালিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘হাসপাতালে ভর্তির সময়ই ওই রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তাঁকে জরুরি চিকিৎসা দেওয়ার পরই তিনি মারা যান। এরপরই সঙ্গে থাকা লোকজন হামলা ও ভাঙচুর করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কর্তৃপক্ষ অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।