News71.com
 Bangladesh
 15 Jun 16, 12:26 AM
 517           
 0
 15 Jun 16, 12:26 AM

১৪৫ টি মাদকের মামলায় ১৪৪ টিতেই আসামিদের সাজা

১৪৫ টি মাদকের মামলায় ১৪৪ টিতেই আসামিদের সাজা

নিউজ ডেস্ক: ঢাকার একটি আদালত গত দশ মাসে দেড় শটি মামলা নিষ্পত্তি করেছেন। এর মধ্যে মাদক মামলাই ছিল ১৪৫টি। এসব মামলার মধ্যে ১৪৪ টিতে আসামিরা সাজা পেয়েছে। এসব মামলা নিষ্পত্তি হয়েছে ঢাকার পরিবেশ আপিল আদালতে। ওই আদালতে পরিবেশবিষয়ক মামলার পাশাপাশি অন্য মামলারও বিচার চলে। আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী।

আদালত সূত্র নিশ্চিত করেছে, বিচারক মশিউর রহমান চৌধুরী ১৪টি মাদক মামলায় ২১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০০৯ সালে ১৯ অক্টোবর রাজধানীর সূত্রাপুর থেকে মোহাম্মদ আলী ও মো. শাহীন নামের দুই ব্যক্তি বিপুল পরিমাণ লুপিজেসিক (মাদক) ইনজেকশনসহ গ্রেপ্তার হন। সেই মামলায় গত ২০ এপ্রিল এই দুই আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে রাষ্ট্রপক্ষ। আদালত ওই দুজনকে যাবজ্জীবন দণ্ড দেন।


সূত্র জানায়, এক শ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সবুজবাগ থানায় করা মামলার দুই আসামি শরীফ মোল্লা ও আবদুল আজিজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই রায় দেওয়া হয়েছে গত ১১ এপ্রিল।


রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ‘ক্ষুদ্র মাদক ব্যবসায়ীরা সমাজের প্রভাবশালী ব্যক্তি না হলেও তাদের গডফাদারদের কোনো অবস্থাতে অস্ত্রবাজ সন্ত্রাসীদের চাইতে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। মাদক ব্যবসায়ীদের গডফাদারেরা সমাজের অত্যন্ত পরাক্রমশালী ব্যক্তি। বর্তমান আর্থসামাজিক অবস্থায় তাঁদের ভয়ে স্থানীয় সাক্ষীরা আদালতে সাক্ষ্য দেওয়ার সাহস দেখায় না।’


মাদক ইয়াবা ভয়াবহতার কথা তুলে ধরে আদালত রায়ে বলেছেন, ‘এই মুহূর্তে ইয়াবা পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় সঙ্গে জড়িত ব্যক্তিদের নিবৃত্ত না করা গেলে বাংলাদেশের অগ্রযাত্রার যে স্বপ্ন আমরা দেখছি তা অঙ্কুরেই বিনষ্ট হবে। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কারওরই উচিত হবে না, এই সর্বগ্রাসী ইয়াবা ব্যবসায়ীদের প্রতি সামান্যতম সহানুভূতি দেখানো। মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ’


জানতে চাইলে পরিবেশ আপিল আদালতের সরকারি কৌঁসুলি এফ এম রেজাউল করিম বলেন, তাঁর জানা মতে ঢাকার কোনো আদালত এত অল্প সময়ে এত বেশি মামলা নিষ্পত্তি করেননি। ওই আদালতের পেশকার মাসুদুর রহমান বলেন , আদালতের কার্যক্রম সকাল নয়টার পর পর শুরু হয়। সন্ধ্যার পরও আদালতের কার্যক্রম চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন