
নিউজ ডেস্কঃ দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গাইবান্ধা সদর উপজেলার জাহিদুল ইসলামকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরিফুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাহিদুল বাদিয়াখালি ইউনিয়নের চকবরুল গ্রামের নছিম উদ্দিনের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে জাহিদুল ইসলাম তাঁর দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে মেরে ফেলে। ওই ঘটনায় তাঁর স্ত্রী পারুল বেগম বাদী হয়ে জাহিদুলকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার শুনানি শেষে আদালতের বিচারক এই রায় দেন। তিনি আরও জানান, জাহিদুল ইসলাম গ্রেপ্তারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।