
ঢাবি প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে প্রগতিশীল ছাত্র জোট । একই সঙ্গে জোরদার আন্দোলন গড়ে তোলা ছাড়া নারীর মর্যাদা ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় মন্তব্য করে তারা আগামী ২০ জুন সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আহ্বান করেছে ।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে করে তারা এই কমসূচির ঘোষণা দেন । সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা । এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ছাত্রমৈত্রীর সাদিকুল ইসলাম সোহেল প্রমুখ ।
লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘসূত্রিতার পরে গত ১২ জুন তনু হত্যাকান্ডের ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করা হয়েছে । এই ময়নাতদন্তে চিকিৎসকরা তনুর মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারে নি । রিপোর্টে তনুর সেক্সচুয়াল ইন্টাকোর্সের প্রমাণ পেলে ও সেটা ধর্ষণ কিনা তা স্পষ্ট করা হয় নি। তাই প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে আমরা এই ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখ্যান করছি ।
উল্লেখ্য , কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গত ২০ মার্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায় । তার মৃত্যুর পর থেকে তনু হত্যাকান্ডের সুষ্ঠুতদন্ত ও ন্যায় বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ধারাবাহিক আন্দোলন করে আসছে ।