
নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত সহকারী (পিও) জিএম আসিফ আল মামুন অভিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারানা হালিমের স্বাক্ষর জাল করে একটি প্রকল্পের চুক্তি ঠেকাতে অর্থবিভাগে চিঠি পাঠানোর অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, 'জালিয়াতির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের বিভাগীয় সংশ্লিষ্টরা জানায়, সম্প্রতি টেলিকমিউনিকেশন মডার্নাইজেশন নামে বিটিসিএলের অধীনে একটি প্রকল্প নেওয়া হয়েছে। বিনিয়োগের শর্তসহ কয়েকটি কারণ দেখিয়ে বিনা দরপত্রে ওই প্রকল্পের জন্য চীনা কোম্পানি জেডটিইর সঙ্গে চুক্তির জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী একটি প্রস্তাব তৈরি করেন। প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন থাকা অবস্থায় প্রতিমন্ত্রী তারানা হালিমের স্বাক্ষর জাল করে অর্থ বিভাগে একটি চিঠি পাঠান তার পিও জিএম আসিফ আল মামুন। ওই চিঠিতে এককভাবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে সীমিত আকারে দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের দাবি জানানো হয়। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে বিব্রতকর একটি অবস্থার সৃষ্টি হয়।