
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর শোকসভায় গত মঙ্গলবার সরকারের তিন মন্ত্রীর উপস্থিতিতে ব্যাপক পকেট কাটার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানস্থল থেকে সরকার দলীয় দুই এমপি ও প্রভাবশালী নেতাদের মোবাইল ও নগদ টাকা চুরি হয়ে যায়। এ নিয়ে ঝিনাইদহ শহরে ব্যাপক মুখরোচক গল্পের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
বাবুল আজাদ নামে আওয়ামী লীগ সমর্থিত এক ঠিকাদার তার ফেসবুকে ওই অনুষ্ঠানস্থল থেকে পকেট চুরির ঘটনা উল্লেখ করে পোস্ট দেন। তিনি দাবি করেছেন ঝিনাইদহের দুই এমপি আব্দুল হাই ও আনোয়ারুল আজিম আনারসহ অনেকের পকেট চুরি হয়েছে। তিনি চোর ধরে পুলিশের প্রতি টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন ‘আজ ১৪/০৬/১৬ইং বাংলাদেশ সরকারের মাননীয় ৩ জন মন্ত্রী মোঃ নাসিম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এসেছিলেন ঝিনাইদহ করতিপাড়া আনান্দ গোপাল গাঙ্গুলীর শোক সভায়। ছবির এই স্থান থেকে আমার প্যান্টের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা পকেট মেরে নিয়েছে এবং আমাদের মাননীয় এম পি সাহেব মোঃ আব্দুল হাই ভায়ের মানিব্যাগ সহ টাকা। কালিগঞ্জের এম পি আনার ভায়ের মোবাইল।
শৈলকুপা দুদসর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব জর্দ্দারের উনপঞ্চাশ হাজার টাকাসহ আরো অনেকের টাকা, মানিব্যাগ ও মোবাইল পকেট মেরে নিয়েছে। আমি ঝিনাইদহ জেলা পুলিশকে অনুরোধ করবো যে আপনারা সাংবাদিক ভাইদের কাছ থেকে ভিডিও ফুটেজ নিয়ে এই সব চোরদের ধরুন। টাকা ও মোবাইল ফোন উদ্ধার করার ব্যবস্থা করুণ”। বাবুল আজাদের ফেসবুকের স্ট্যাটাস নিয়ে নানা রকম রসাত্মক মন্তব্যও করা হচ্ছে।