
নিউজ ডেস্ক: গাজীপুরে বন্ধুকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কালিয়াকৈরের ছোট লতিফপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আমিত হাসান (২১)। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়াকৈরের ছোট লতিফপুর গ্রামের নুরুল ইসলাম নবী ও তার স্ত্রী ছেলে মাসুদ রানাকে (২০) বাড়িতে রেখে মেয়ের বাড়ি বেড়াতে যায়। ওই রাতে মাসুদ রানা দুই বন্ধু পারভেজ ও অমিত হাসানকে নিয়ে ঘরে টাকা দিয়ে তাস খেলেন।
খেলায় হারকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে রাত আড়াইটার পারভেজ ও অমিত হাসান মিলে ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানাকে এলোপাতাড়ি আঘাত করলে মারা যান তিনি। প্রতিবেশীরা অমিত ও পারভেজকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় নিহতের বাবা নুরুল ইসলাম নবী বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর পারভেজ ও অমিতের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আজ বুধবার বিচারক এ রায় প্রদান করেন।