News71.com
 Bangladesh
 15 Jun 16, 02:21 PM
 515           
 0
 15 Jun 16, 02:21 PM

দুই বাংলাদেশি শিশুকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ.....

দুই বাংলাদেশি শিশুকে বিজিবি'র কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ.....

নিউজ ডেস্ক: ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তের মজুমদারহাট এলাকায় ২ মাস ১১ দিন পর ২ শিশুকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারত। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিলোনিয়া স্থলবন্দর এলাকা দিয়ে মো. নয়ন হোসেন (১১) এবং মো. শুভ মিয়া (১০) নামের দুই শিশুকে বাংলাদেশ পুলিশের কাছে বিজিবির মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হস্তান্তর করেছে।

এ সময় বাংলাদেশের পক্ষে ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটলিয়নের (বিজিবি) সহকারী পরিচালক মো. এবিএম জাহাঙ্গির আলম, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিব হায়দার, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ও সমাজসেবা অফিসার মো. মোশারফ হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের ১৬৮ ব্যাটলিয়ন ইন্সপেক্টর সত্যবাম ও বিলোনিয়া মোবাইল ট্রান্স ফোর্স (এমটিএফ) স্বদেশ মজুমদারসহ দুদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও সমাজসেবা কর্মকর্তারা ওই দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, ৩ এপ্রিল বিকেলে পরশুরাম বিলোনিয়া সীমান্তের মজুমদারহাট এলাকায় ওই দুই শিশু বোতল কুঁড়াতে কুঁড়াতে সীমান্ত ২১৬০/৪-৫ এস এর মধ্যবর্তী স্থান (বিলোনিয়া আইসিপি সংলগ্ন) দিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। ভারতীয় পুলিশ তাদেরকে স্বর্ণালংকারসহ জিনিসপত্র চুরির অভিযোগে বিলোনিয়া শহরের পাশ থেকে গ্রেফতার করে আগরতলা জোভেনাইল কোর্টে পাঠায়।

৪ এপ্রিল ১০টায় শিশুদের অভিভাবক ভারতে প্রবেশ এবং ফিরে না আসার বিষয়টি মজুমদারহাট কোম্পানি কমান্ডারকে বলেন। ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার গত ৫ এপ্রিল শিশুদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ১৬৮ বিএসএফ ব্যাটালিয়ন ডেপুটি কমান্ড্যান্ট শ্রী নিরেজ কুমার এবং ৭ এপ্রিল ১৬৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ব্রিজেশ কুমারের সঙ্গে পতাকা বৈঠক করেন। ১২ এপ্রিল প্রতিবাদ লিপি পাঠানো হয়। ওই দুই শিশু চুরির দায়ে অভিযুক্ত থাকায় আইন প্রক্রিয়ায় সম্পন্নের বিষয়টি বিএসএফ বিজিবিকে বলেন। ১৪ জুন ছয়টায় বিএসএফ দুই শিশুকে হস্তান্তরের বিষয়টি বিজিবিকে বলেন। এরপর রাতে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন