News71.com
 Bangladesh
 15 Jun 16, 04:34 PM
 448           
 0
 15 Jun 16, 04:34 PM

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে পেটাল এক ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে পেটাল এক ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও তার ছেলেকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আহত মোস্তাফিজুর রহমান ওরফে মনু ড্রাইভার ও তাঁর ছেলে সোহেল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারী মো. রানা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সমসেরাবাদ এলাকার দুলাল ভেন্ডারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঘটনার সময় মোস্তাফিজুর রহমান ছেলেসহ (সোহেল) ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে দক্ষিণ তেমুহনী বাসস্ট্যান্ড থেকে আবিরনগর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে রাস্তার ওপর সোহেলের হাত স্থানীয় রনির শরীরে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রনি অটোরিকশাটি দাঁড় করিয়ে তার ছোট ভাই ছাত্রলীগ নেতা রানাকে খবর দেন। রানা ঘটনাস্থলে পৌঁছে কিছু বুঝে ওঠার আগেই বাবা ও ছেলেকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রানা বলেন, "আমার ভাইয়ের সাথে তারা খারাপ ব্যবহার করেছে। এ জন্য তাদের সাথে হাতাহাতি হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।" লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল করিম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে হামলাকারীকে পাওয়া যায়নি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন