
নিউজ ডেস্ক: কক্সবাজারে এক সালিসি বৈঠকে দুর্বৃত্তদের গুলিতে নুরুল আবসার (৩৩) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল্লাহ আকাশ (৩০) নামে আরো এক ব্যবসায়ী। তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ফকিরাবাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে প্রতিশোধ নিতে বৈঠকে যাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। নিহত নুরুল আবসার মাত্র দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে বেড়াতে আসেন। তিনি পার্শ্ববর্তী হাজীপাড়া গ্রামের নজির আহমদের ছেলে। ঈদের পরই তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি ওষুধ কিনতে বাজারে গিয়ে ওই সালিসি বৈঠকে কৌতুহলবশত বসেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় গুলিতে আহত হন স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আকাশ।
সালিসি বৈঠকের বিচারক ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার শাহাবুদ্দিন জানান, স্বামী-স্ত্রী ও দুই বিয়াইয়ের মধ্যকার ঝগড়া-বিবাদ মীমাংসার বৈঠকেই অতর্কিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে হামলাকারীদের সঙ্গে সালিসের ঘটনার কোনো সর্ম্পক নেই। হামলাকারীরা সালিসি বৈঠকে উপস্থিত স্থানীয় ওবায়দুর রহমান নামে একজন ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল।
কিন্তু হামলার মিনিট দুয়েক আগে বৈঠক থেকে বের হওয়ার কারণেই রক্ষা পেয়েছেন তিনি। কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, "হামলাকারী দুর্বৃত্তরা একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল। ব্যবসায়ী ওবায়দুর বেশ কয়েক মাস আগে ডাকাত সর্দার ইদ্রিসকে অস্ত্রসহ পুলিশকে ধরিয়ে দিতে সহযোগিতা করেছিলেন।" ডাকাত ইদ্রিস দীর্ঘদিন আটক থাকার পর কারাগার থেকে বের হয়েই মঙ্গলবার রাতে এ মর্মান্তিক হত্যার ঘটনা ঘটায় বলে ওসি জানান।