
নিউজ ডেস্ক: ঝিনাইদহের হিন্দু পুরোহিত আনান্দ গোপাল গাঙ্গূলী হত্যাসহ দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে জেলা মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী যে গুপ্তহত্যার ঘটনা ঘটছে তার জন্য দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ গুপ্ত হত্যা বন্ধে সরকারকে জরুরী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি হত্যাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।