
নিউজ ডেস্কঃ মাদারীপুরে সরকারি নাজিমউদ্দীন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এম. সাইফুল্লাহ।
আজ বিকেলে কলেজ সংলগ্ন মাস্টার কলোনিতে ভাড়া বাসায় ঢুকে তিন যুবক শিক্ষক রিপনকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দু’জন পালিয়ে যায়। তবে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আহত ওই শিক্ষক বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শিক্ষামন্ত্রী হাসপাতালে ভর্তি রিপন চক্রবর্তীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বলে জানান এম. সাইফুল্লাহ।