News71.com
 Bangladesh
 16 Jun 16, 11:33 AM
 701           
 0
 16 Jun 16, 11:33 AM

জাবির রাস্তায় রাতে আলোর সল্পতা, প্রশাসনের আশার বাণী

জাবির রাস্তায় রাতে আলোর সল্পতা, প্রশাসনের আশার বাণী

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বপ্না স্মরণি হয়ে প্রতিদিন মেয়েদের হলগুলোর সামনে দিয়ে হাজারো শিক্ষার্থীর যাতায়াত। শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের নিয়মিত যাতায়াত এই রাস্তা ধরেই । গত ছয় দিন ধরে রাস্তার দুপাশের বৈদ্যুতিক বাল্ব অকেজো হয়ে পড়ে রয়েছে। রিপোটর্টি লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানের কাজ শুরু করেছে মাত্র । ছুটির সময়ে সাধারণত ক্যাম্পাসে চুরি-ছিনতাই বেশি হয়ে থাকে। এমন অবস্থায় নিরাপত্তার শঙ্কা নিয়েই শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে ওই রাস্তাটি দিয়ে। শুধু এই রাস্তাটিই নয়, ক্যাম্পাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আলোর সল্পতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া যুঁথি বলেন,‘ রাস্তায় বাতি খুবই দরকার। রাতের বেলায় রাস্তা দিয়ে চলাচলের জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা জরুরী । আমি সহ ক্যাম্পাসের সকলেই চায় দ্রুত এই সমস্যার সমাধান হোক’। ক্যাম্পাসের রাস্তায় আলো সল্পতার বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সীমান্ত বলেন,‘ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে অতি সত্তর রাস্তার দু'পাশে প্রয়োজনীয় সংখ্যক ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা দরকার’।

সরজমিনে ক্যাম্পাস পরিদর্শন করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনের রাস্তা, আ ফ ম কামাল উদ্দিন হল থেকে শহীদ সালাম বরকত হলের রাস্তা, বোটানিক্যাল গার্ডেন হয়ে মীর মোশারফ হোসেন হলের রাস্তাসহ ক্যাম্পাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় নেই প্রয়োজনীয় সংখ্যক ল্যাম্পপোস্ট ।

তাছাড়াও কম টেকসই বাল্ব লাগানোর ফলে তা নষ্ট হয়ে কয়েকদিনের মধ্যে যে লাউ সেই কদু অবস্থা বিরাজ করছে। এদিকে রাস্তার লাইটগুলো অকেজো হওয়ার পেছনে ক্যাম্পাসের কয়েকজন অসাধু কর্মকর্তার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বাল্ব অকেজো হয়ে গেলে উন্নত মানের বৈদ্যুতিক বাল্ব কেনার কথা থাকলেও বাজারের নিম্নমানের বাল্ব কিনে তা চালিয়ে দেওয়া হচ্ছে। ফলে কয়েকদিন পরপরই এসব বাল্ব অকেজো হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে নিত্য দিনের চলাচলের রাস্তাগুলো।

এর ফলে ক্যাম্পাসে চুরি ছিনতাই বাড়ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ । এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী অফিসের বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক মৃধা বলেন,‘ আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। মেয়েদের হলের সামনের রাস্তার আলোর সল্পতা খুব শীঘ্রই দূর হবে’। এদিকে কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন,‘ ট্রাকের কারণেও ঝড় বৃষ্টির কারণে বাল্বের ক্ষতি হয় ও অনেক সময় তার ছিড়ে যায় আবার কখনো কখনো চুরির ঘটনা ঘটে, তখন তো আমাদের কিছুই করার থাকে না’।

এ বিষয়ে সহকারী প্রক্টর জনাব দেবাশীষ সাহা বলেন, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বিষয়টি দ্রুত সমাধানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। আশা করা যায়, আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান হবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন