
নিউজ ডেস্ক: আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীদেরকে আসামি পক্ষের জেরা চলছে। আজ সকাল সাড়ে ১০টা থেকে পঞ্চম সাক্ষী সোনালী ব্যাংকের কুমিল্লা কর্পোরেট শাখার ডিজিএম হারুন অর রশিদ, ষষ্ঠ সাক্ষী প্রাইম ব্যাংকের গুলশান শাখার ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন এবং সপ্তম সাক্ষী প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মাসুদ বিন করিমকে জেরা শুরু হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে।
প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বোরহান উদ্দিন এবং মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে রেজাউল করিম সরকার পর্যায়ক্রমে তাদেরকে জেরা করছেন।
এর আগে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন চারজন সাক্ষী তদন্তকারী কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদ, মামলাটির রেকর্ডিং অফিসার এসএম গাফফারুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার শফিউদ্দিন মিয়া এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা আবুল খায়ের।
দুদকের পক্ষে আছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। গত ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।