
নিউজ ডেস্ক: সরকারি ভাবে বাল্য বিয়ে মুক্ত ঘোষিত এলাকা দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে বাল্যবিয়ের আয়োজনের অপরাধে বর এবং কনে পক্ষের ৪জন অভিভাবককে কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে।
গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতে বরের বাবা দুলাল রহমানকে ২৫ দিন, চাচা ওবাইদুল রহমানকে ১মাস, কনের বাবা হাবিবুর রহমানকে ২৫দিন এবং চাচা আজিজুলকে ২০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান। সাজা ভোগ করতে আজ রবিবার তাদেরকে জেলা কারাগারে প্রেরন করেছে খানসামা থানা পুলিশ।
জানা গেছে, খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের উত্তরপাড়ায় গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মাহমুদা আক্তার স্থানীয় শাপলা স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। তার সাথে বিয়ের আয়োজন চলছিল একই এলাকার জমিদারনগরের আশ্রয়নপাড়ার দুলাল রহমানের ছেলে মরসেদুল রহমানের।
ওই খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান এবং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীর সহযোগিতায় উভয় পক্ষের অভিভাবকদের তলব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমান। শনিবার রাত ১১টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনে এবং ছেলে পক্ষের ৪জন অভিভাবককে বিভিন্ন মেয়াদে সাজার রায় দিয়ে কারাগারে প্রেরনের আদেশ দেন তিনি। খানসামা থানার পরিদর্শক কৃষ্ণ কুমার সরকার জানান, রায়ের সাজা ভোগ করতে আজ রবিবার সকালে দণ্ডিত ৪ অভিভাবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।