News71.com
 Bangladesh
 20 Jun 16, 10:48 AM
 683           
 0
 20 Jun 16, 10:48 AM

জাবির এক প্রাক্তন ছাত্রীকে বিশমাইল এলাকা থেকে প্রকাশ্যে অপহরণ......

জাবির এক প্রাক্তন ছাত্রীকে বিশমাইল এলাকা থেকে প্রকাশ্যে অপহরণ......

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রীকে দিনে দুপুরে প্রকাশ্যে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ১২টার দিকে কর্মচারী ক্লাবের সামনে এ অপহরণের ঘটনা ঘটে। অপহূত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের (৩৬ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ে আল বিরুনী হলে চাকরি করেন এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় বাস করেন।

এদিকে ওই শিক্ষার্থীর সাথে এক তরুণকেও অপহরণ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন টিপু সুলতান নামের প্রত্যক্ষদর্শী। তিনি সাংবাদিকদের বলেন, 'বিশ্ববিদ্যালয় বিশমাইল গেইট হয়ে অপহূত শিক্ষার্থী একটি ছেলের সঙ্গে কর্মচারী ক্লাব সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা ক্লাবের সামনে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পান্দুয়া এলাকা থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) থেকে কয়েকজন নেমে মেয়েটিকে জোর করে গাড়িতে উঠাতে চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যায়। তবে লোকজন পৌঁছানোর আগেই মেয়েটি ও তার সঙ্গে থাকা ছেলেটিকে তুলে গাড়িটি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। আমরা সেখানে গিয়ে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল এবং একটি পাসপোর্ট সাইজের ছবি পাই।' তবে তরুণী অপহরণের ঘটনাটি দুপুরে ঘটলেও রবিবার রাত পর্যন্ত অপহূত সেই তরুণীর কোনো তথ্য পাওয়া যায় নি।

সূত্রমতে, জাবির সাবেক এই শিক্ষার্থীর অপহরণের তথ্যটি নিশ্চিত করেছেন তার ভাই সাইমুন ইসলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, ‌'আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি শোনার সাথে সাথে আশুলিয়া ও সাভার থানায় ফোন করে বিষয়টি জানিয়েছি।' আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহসিনুল কাদির বলেন, 'ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে শুনেছি। এ বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।'

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অপহরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।ক্যাম্পাসের ভিতরে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন জাবির অর্থনীতি বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন