
নিউজ ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিজয় কুমার রায় (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের ভূট্টা ক্ষেতের পাশ থেকে আজ সোমবার সকাল ৯টার দিকে ইউক্লিপটাস গাছ হতে লাশটি উদ্ধার করে পুলিশ। বিজয় কুমার রায় নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ কাচারী পাড়া গ্রামের হরিকান্ত রায়ের ছেলে।
সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় জানান, ফাঁস দেওয়ার ধরন দেখে বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তাকে হত্যার পর এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার রায় জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এই মুহূর্তে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেন জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় কোমরপুর গ্রামের ভূট্টা ক্ষেতের পাশে ইউক্লিপটাস গাছে অজ্ঞাতপারিচয় যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। যুবকটির গলায় একটি গামছা দিয়ে ফাঁস দেওয়া ছিল। ঘটনাস্থলে একটি ব্যাগে মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যাতার সনদসহ বেশকিছু কাগজপত্র পড়ে ছিল। তার পরনে ফুলপ্যান্ট ও ফুলশার্ট ছিল।