News71.com
 Bangladesh
 03 Jul 16, 04:16 PM
 420           
 0
 03 Jul 16, 04:16 PM

গুলশানে ক্যাফেতে জঙ্গী হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ।।

গুলশানে ক্যাফেতে জঙ্গী হামলায় নিহতদের কফিনে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ গুলশানে ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে আগামীকাল শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্মরণে ২ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আগামীকাল সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা হবে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম আজ জানান ।

সর্বস্থরের জনগণও সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানান তিনি। আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামিলীগের কেন্দ্রীয় নেতরাও আগামীকাল নিহতদের শ্রদ্ধা জানাবেন বলে দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গুলশানে নিহতদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি; দেশি বিদেশি অন্তত ৩৩ জন সেখানে জিম্মি হন ।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়। নিহতদের মধ্যে ৯জন ইতালির, ৭জন জাপানি ও ১জন ভারতের নাগরিক। বাকি ৩জন বাংলাদেশি, যাদের মধ্যে ১জনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত ৭ জাপানির মধ্যে ৬জন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষা কাজে নিয়োজিত ছিলেন। তাদের সঙ্গে ওই ক্যাফেতে ছিলেন আরও ১জন, যাকে পরে উদ্ধার করা হয় ।

এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দীন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে নিহত হন। গতকাল রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের উপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। দেশবিরোধী ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন