
নিউজ ডেস্কঃ যশোরে ডা. শফিকুল ইসলাম হত্যা মামলায় ২জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন । দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের রজম আলীর ছেলে আশিকুর রহমান বাবলু ও একই এলাকার মিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম ওরফে জাকির হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আশিকুর রহমান বাবলু আজ আদালতে হাজিরা ফরম জমা দিলেও রায় ঘোষণার পর তিনি পালিয়ে যান ।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯শে জুলাই রাত সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় জেস ক্লিনিকে তার রুমে কর্মরত অবস্থায় এক ব্যক্তি তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ডা. শফিকের বাবা আব্দুস সালাম ধাবক বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন ।
২০১০ সালের ২৬শে মার্চ যশোর কোতোয়ালী থানার এসআই অপূর্ব হাসান ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এসএম বদরুজ্জামান পলাশ জানান, ২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আশিকুর রহমান বাবলু ও সাইফুল ইসলাম ওরফে জাকির হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ২ আসামি রাব্বি মোরসালিন ও রায়হানকে বেকসুর খালাস দেন আদালত ।