
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার আসামি জাহিদুল হক তানিমকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ । আজ বিকেলে আদালতে পাঠানো হলে কিশোরগঞ্জের মূখ্য বিচারিক হাকিম মো. আবদুছ ছালাম খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে কড়া পুলিশ পাহারায় তানিমকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়। গত ১০ই জুলাই রাতে তাকে ১০ দিনের রিমান্ড নেয় পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শোলাকিয়া হামলার প্রধান আসামি শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম এখনো র্যা ব হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। সে সুস্থ হলেই জিজ্ঞাসাবাদের জন্য তাকে কিশোরগঞ্জে আনা হবে। পরে প্রয়োজনে তানিমকে তার মুখোমুখি করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুর্শেদ জামান জানান, জাহিদুল হক তানিমের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে,- তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে। উল্লেখ্য, ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে এক চেক পয়েন্টে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সঙ্গে হামলাকারীদের বেশি কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির রহমান।
পুলিশ বলছে, আবির হামলাকারীদের ১জন। তাছাড়া হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম ও জাহিদুল হক তানিমকে গ্রেফতার করা হয়। শোলাকিয়ায় হামলার এ ঘটনায় পুলিশের ২ সদস্য ও ১ হামলাকারীসহ ৪জন নিহত হন।