
নিউজ ডেস্কঃ কলকাতায় প্রথম অফিসিয়াল ভিসা আবেদন কেন্দ্র (ভিএসি) চালুর ঘোষণা দিয়েছে সেখানে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। এর ফলে বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক ভারতের জনগণ, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলের লোকজন ব্যাপকভাবে উপকৃত হবেন। একই সঙ্গে বহু প্রতীক্ষিত এই পদক্ষেপ বাংলাদেশের পর্যটন এবং শিল্প উভয় খাতে ইতিবাচক অবদান রাখবে। ২০০৫ সালে ভারত বাংলাদেশে ভিসা সংক্রান্ত কার্যক্রম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) আউটসোর্স করে। বর্তমানে ভারতের এই সফল মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিশ্বের বেশিরভাগ দূতাবাস অনুসরণ করছে।
বর্তমান পদ্ধতিতে আবেদনকারীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জমা দিতে হয়। এটি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা থাকে এবং এর কেবল তিনটি কাউন্টার রয়েছে। ফলে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণের বাইরের রাস্তায় প্রায়ই ভিসা আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যায়। কখনও কখনও তারা নিজেদের জায়গা নিশ্চিত করতে রাতভর অপেক্ষাও করেন। এটি কূটনৈতিক কাজের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। বেশিরভাগ দূতাবাসই নিরাপত্তা নিশ্চিত করতে আশেপাশে ভিড় করার অনুমতি দেয় না। এছাড়া, এখানে রোদ ও বৃষ্টির সময় আবেদনকারীদের আশ্রয় দেওয়ার মতো কোনো জায়গা নেই, সামাজিক দূরত্ব মানারও কোনো উপায় নেই। সেই সঙ্গে রয়েছে নারী ও শিশুদের টয়লেটের অভাব এবং ফর্ম পূরণে সহায়তা করার মতো নেই কেউ। ফলে আবেদনকারীরা প্রতিদিনই নানা ভোগান্তিতে পড়েন।