
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধ চলছে ইউক্রেনীয় সৈন্যদের। যুদ্ধের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। তবে রুশ বাহিনীকে ঠেকাতে তাদের সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে বক্তব্য তুলে ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেন যেহেতু ন্যাটোর সদস্য দেশ নয়, তাই এটা করা সম্ভব নয়।
বেন ওয়ালেস বলেন, একটি ‘নো-ফ্লাই জোন’ করতে হলে ব্রিটিশ যুদ্ধবিমানকে সরাসরি রাশিয়ার যুদ্ধবিমানের বিপক্ষে পাঠাতে হবে। ফলে রাশিয়ার বিপক্ষে ন্যাটোকে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। সেটা (নো-ফ্লাই জোন) করা হলে এটাই ঘটবে। তিনি আরও বলেন, ‘আমি ইউরোপে একটি যুদ্ধ শুরু করে দিতে চাই না। কিন্তু ইউক্রেনকে লড়াই করার জন্য যত রকমের সহায়তা দেওয়া দরকার, তা আমি দিয়ে যাব’। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার বিষয়ে ২০০৮ সাল থেকে ব্রিটেন সমর্থন করে আসছে। কিন্তু অন্য দেশগুলো চায়নি ইউক্রেন ন্যাটো সামরিক জোটে আসুক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পুতিন একজন বিচারশক্তি সম্পন্ন ব্যক্তি নন। বাল্টিক দেশগুলো যে একেকটি আলাদা দেশ, তা তিনি বিশ্বাস করেন না। তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে’। রুশ সামরিক অভিযানের প্রথম দিনে দেশটিতে অন্তত ১৩৭ জন মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেন। রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেন একাই যুদ্ধ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই যুদ্ধে পশ্চিমা বন্ধুদের পাশে পাননি বলেও জানিয়েছেন তিনি।