
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাকে বিশ্বাস করার ভয়ানক মূল্য দিতে হচ্ছে দিল্লিতে আশ্রয় চাওয়া হাজার খানেক ধর্মীয় সংখ্যালঘু পাকিস্তানি নাগরিক । এই আশ্রয়প্রার্থীদের মধ্যে প্রায় সকলেই হিন্দু ধর্মাবলম্বি ও বাকি কয়েকটি শিখ পরিবার আছে। ভারতীয় শীর্ষ নেতাদের আহবানেই ধর্মের কারণে পাকিস্তানে পদে পদে নির্যাতিত হওয়া এই সব মানুষ ভারতের নাগরিক হতে চেয়ে ভিসা করিয়ে এ দেশে এসেছিলেন। কিন্তু অভিযোগ, প্রতিশ্রুতির বন্যা ছাড়া বিজেপি সরকারের কাছ থেকে কিছুই জোটেনি এঁদের। ভাঙা মন নিয়ে প্রায় ৮০০ জন ফের পাকিস্তানে ফিরে গিয়েছেন, যাঁদের তুলে ধরে পাকিস্তানের প্রশাসন এখন বাকিদের দেখাচ্ছে— ভারতে গিয়ে কী হেনস্থার মধ্যে পড়েছিলেন এঁরা।
পাকিস্তানে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সংগঠন ‘সীমান্ত লোক সংস্থান’ সম্প্রতি নাগরিকত্বের সন্ধানে ভারতে আসা পাকিস্তানের হিন্দুদের হেনস্থা ও দুর্দশার বিষয় প্রকাশ্যে এনেছে। তারা বলছে, যে হাজার খানেক মানুষ বিভিন্ন ধরনের ভিসা করিয়ে ভারতে এসেছিলেন তাঁরা সকলেই খুবই দরিদ্র। বস্তুত শেষ সম্বলটুকু নিয়েই তাঁরা ভারতে আসেন। তার পরে বারে বারে প্রশাসনের কাছে দরবার করে, দীর্ঘদিন অপেক্ষা করেও কোনও পথ খুঁজে পাননি তাঁরা। শুধু পদে পদে তারা একটাই আশ্বাস শুনেছেন, প্রতিবেশী দেশে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে ভারতের বিজেপি সরকার খুবই আন্তরিক। যেটা শুধু কথার কথা ছাড়া আর কিছুই নয়।
সীমান্ত লোক সংস্থানের সভাপতি হিন্দু সিংহ সোঢা সংবাদমাধ্যমে বলছেন, “স্বল্প মেয়াদের ভিসায় ভারতে এসে চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়ে অপেক্ষা করতে করতে প্রায় সকলেরই ভিসা শেষ হয়ে গিয়েছে। অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ। এই পরিস্থিতিতে তাঁরা নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে ধর্না দিচ্ছেন, তারাও মওকা বুঝে গরিব মানুষগুলোকে সর্বস্বান্ত করছে। তার পরেও অন্তত ৮০০ মানুষ মাথা নিচু করে সেই পাকিস্তানেই ফিরে গিয়েছেন। তাঁদের স্বপ্নভঙ্গ হয়েছে।” সোঢা জানিয়েছেন, এক একটি পরিবারের কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য লাখ টাকা করেও আদায় করেছেন দিল্লীতে অবস্থানরত পাকিস্তানি হাইকমিশনের কর্মীরা।
এদিকে পাকিস্তানে ফিরে যাওয়ার পরে তাদের দিয়ে ঢালাও করে বলানো হচ্ছে, নাগরিকত্ব চাইতে গিয়ে ভারতে কী হেনস্থার শিকারের করুন কাহিনী। সুযোগ বুঝে এঁদের সমনে এনে ভারত-বিরোধী প্রচার করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই দাবী ভারতীয় এই বেসরকারি সংস্থার কর্মকর্তা । সোঢার কথায়, অনেকেই ভেবেছিলেন নাগরিকত্ব আইন সংশোধন (সিএএ)-র সুযোগ তাঁরা পাবেন। কিন্তু ২০১৯-এ সরকার তাড়াহুড়ো করে সংসদে সেই আইন পাশ করালেও এখনও সেটি বাস্তবায়ন করেনি। এখন ভারতে না খেয়ে থাকার চেয়ে পাকিস্তানে ফিরে যাওয়াই শ্রেয় বলে মনে করছেন এই আশ্রয়প্রার্থীরা । ইতিমধ্যেই হাজারের মধ্যে ৮০০ জনই ফিরে গিয়েছেন। বাকিরাও ফেরার তোড়জোড় করছেন।