
আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, বাংলাদেশে জুলাইয়ের শেষের দিকে বিক্ষোভ চলাকালে পুলিশ নির্বিচারে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ এবং বিরোধী দলের সমর্থকদের লাঠিপেটা করেছে। ২৯ জুলাই একটি বড় বিক্ষোভের আগের দিনগুলোতে কর্তৃপক্ষ প্রধান বিরোধী দল বিএনপির ৮০০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এটি রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তু এবং আটক করার একটি নিয়মতান্ত্রিক প্রচেষ্টা বলে মনে হয়।
এইচআরডব্লিউ বলছে, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ও বাংলাদেশে নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসা ইইউ প্রতিনিধিদলের সফরের সময়ও নির্বাচন বিষয়ে সংঘাতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সরকার সতর্ক করে দিয়ে বলেছে, 'বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া' ক্ষুণ্ণ করলে নতুন ভিসানীতি প্রয়োগ করা হবে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উচিত রাজনৈতিক বিরোধীদের ওপর নৃশংস দমন-পীড়নকে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হবে না- এমন সতর্কবার্তা হিসেবে দেখা। তিনি বলেন, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার করছে, যদিও তারা স্বৈরতান্ত্রিক ও অবমাননাকর হামলা চালাচ্ছে, যা স্পষ্টতই এই দাবির বিপরীত।
প্রতিবেদন বলছে, ইইউসহ বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক অংশীদারদের প্রকাশ্যে জোর দেওয়া উচিত, ২০২৪ সালের নির্বাচনের আগে গুরুতর অপব্যবহার মোকাবেলায় সুনির্দিষ্ট ও সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থতা বাণিজ্য সুবিধা এবং অন্যান্য সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী আরও বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মহলের কঠোর নজরদারির মধ্যে থাকার বিষয়টি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও ভালোভাবে অবগত। তাই নিবর্তনমূলক গণগ্রেপ্তার ও সহিংস দমনাভিযানের মধ্য দিয়ে বিরোধীদের অকার্যকর করলে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করার মতো বোকা কোনো ব্যক্তি নেই।