
নিউজ ডেস্কঃ আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, ‘সারা বাংলাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। দেখি কী হয়। এটা আপনারা জানেন, একেক বোর্ডের সঙ্গে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড একটু রিলাক্স প্রশ্ন করে, কোনো বোর্ড স্ট্রং প্রশ্ন করে। এক বাংলাদেশে পরীক্ষা দেবে, এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। এটা হয় না।’
মন্ত্রী বলেন, ‘ও লেভেল, এ লেভেলে এক দেশ থেকে আরেক দেশে প্রশ্ন ভিন্ন হয় না। সে জন্য আমরা এটা করেছি। ভালোর জন্যই করেছি।’ জুলাই মাস দুর্যোগপ্রবণ সময়। বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটি বা একাধিক শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষা স্থগিতের নজির আছে। অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার সময় কোনো একটি বোর্ডের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে সরকার কী পদক্ষেপ নেবে, তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকেরা।