
নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রায়পুরাসহ নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি গ্রামের মারফত আলীর ছেলে সাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরণ (৩৫)।
আহতদের মধ্যে গুলিবিদ্ধরা হলেন-রমজান (১৮), মোকলেস (২২), আহিদ মিয়া (৪৩), জজ মিয়া (১৪), শামসুনাহার (৩৪), দানা মিয়া (৬০) ও আলামিন মিয়া (২০)। টেঁটাবিদ্ধ হয়েছেন- নাজির (২১), নাজমা (২৪), দানিস মিয়া (২৪) ও মো. হক মিয়া (৫০)। তারা সবাই কাচারিকান্দি গ্রামের ছোট শাহ আলমের সমর্থক। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।