
নিউজ ডেস্কঃ পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে চার সদস্যের একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন রণজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও মো. আছলাম হোসেন সওদাগর।আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়।কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রণজিত কুমার রায়, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।
বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বিক কার্যক্রম এবং বর্তমানে এর সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ বৈঠকে ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষাপূর্বক রিপোর্ট দিতে কমিটিতে পাঠানো ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২১’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে অধিকতর সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দিতে কমিটি সুপারিশ করে।