
নিউজ ডেস্কঃ ধামরাইয়ে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর ছেলের কপালে পিস্তল ঠেকিয়ে ডান হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে সুয়াপুর বাজার ব্রিজের পাড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের সমর্থক কুটিরচর গ্রামের মো. বাবর আলী (৩৫), শিয়ালকুল গ্রামের মো. মমিনুল (৪৬), মো. দেলোয়ার হোসেন (২৮), আব্দুর রাজ্জাক (৪২) ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে সাবেক সেনা সদস্য আব্দুল হালিমসহ (৪০) আরও ১০-১৫ জন আহত হন।
আহত আব্দুল হালিম বলেন, 'দুপুরের দিকে মিছিল নিয়ে যাবার সময় অতর্কিতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও তার কর্মীরা। এ সময় সোহরাব তার কোমড় থেকে পিস্তল বের করে আমার কপালে ঠেকিয়ে হুমকি দেয়। একই সঙ্গে পাশে থাকা আরেকজন কোপ দিয়ে আমার দুই আঙুল কেটে ফেলে।' নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন বলেন, 'আমাকে দল মনোনয়ন দিয়েছে। আমি প্রচারণায় যাচ্ছিলাম। এমন সময় সোহরাবের লোকজন হামলা চালায়। আমার ছেলের আঙ্গুল কেটে ফেলে। এছাড়া দেশীয় অস্ত্রসহ আমার আরও ৮-১০ জন কর্মীকে কোপায় তারা। আহত সবাই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।' এ বিষয়ে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনকে ফোন করা হলে তার ড্রাইভার কল রিসিভ করে বলেন, 'স্যার ব্যস্ত। কথা বলবেন না।'